কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে চট্টগ্রামের পতেঙ্গা -আনোয়ারা-কর্ণফুলি । রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে আনোয়ারা – কর্ণফুলীতে।
আগামীকাল ২৮ অক্টোবর দেশের সরকারপ্রধানকে বরণ করে নিতেই আনোয়ারা জুড়ে এতো আয়োজন।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর টানেলের আনোয়ারা প্রান্তে কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দফায় দফায় বৈঠক সেরেছে। গোটা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা জুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।

বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়ে এসে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতারাও।
বেশ আগে থেকেই তারা চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা , উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করেছেন প্রস্তুতিমূলক সভা।
সফর ও জনসভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার, গণসংযোগ চালিয়ে বিলি করা হয়েছে লিফলেট, আর এখন মাইকে প্রচারের পাশাপাশি করা হচ্ছে এলাকাভিত্তিক মিছিল।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন বলেন, ‘জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। নেত্রী এখানে আসবেন, নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।
