সেবার মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা জনগণের সেবক, জনগণের ভোটে নির্বাচিত। তাই তাদের সেবা করে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে এগিয়ে যাবেন।
“ছিয়ানব্বাইকে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশকে যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি তা পিছিয়ে দিয়েছিল। আবার যেন দেশ পিছিয়ে না যায় সেটি মনে রাখতে হবে।”
সরকারপ্রধান বলেন, “আমাদের যে সম্পদ আছে তা দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশকে আরো এগিয়ে নিতে আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
