চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ মোহাম্মদ আলী (৪৯) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের বাসিন্দা।
বুধবার (৭ জুন) মধ্যরাতে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও দেয়াং পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে মোহাম্মদ আলীর হেফাজত থেকে ০২ টি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়।
জানা যায়, মো. আলী একাধিকবার গ্রেফতার হলেও জামিনে এসে আবারও ডাকাতি, দস্যুতা ও মাদক ব্যবসায় জড়ান। পাহাড় এলাকায় তার একটি ডাকাত দলও একসময় ছিল। এ ছাড়া তার একটি অস্ত্রের ভান্ডারও রয়েছে।তার বিরুদ্ধে একটি সাজা ওয়ারেন্ট (১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড) ও ডাকাতি,অস্ত্র,মাদক, চাঁদাবাজির মোট ০৮ টি মামলা রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়।
