ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিকআপ ড্রাইভারসহ ৩ জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (২৬ নভেম্বর) সকালে মিরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপচালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)।
আহতরা হলেন, আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো চট্টগ্রামমুখী পিকআপকে (নং ঢাকা মেট্রো ন ১৯-৪৪৫১) দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৯৩৬১) ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরো এককজন মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, নিহত ড্রাইভার খোরশেদ আলম ও হাসানের মৃত দেহ তাদের হেফাজতে রয়েছে। এছাড়া ঘাতক এনাবাস (ঢাকা-মেট্রো-ভ-১৪-৯৩৬১) জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ঢাকা মেট্রো-ন-১৯-৪৪২১ উদ্ধার করা হয়েচে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতদের লাশ আপনজনের কাছে হস্তান্তর করা হবে।
