মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার জমাদার গ্রামের ৩ নং ওয়ার্ডে গোলবক্স মুহরী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম লামিয়া আক্তার (৬ মাস) সে ও-ই বাড়ির প্রবাসী রাজিব হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুটিকে ঘুম পাড়িয়ে পরিবারের সবাই বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বাড়িটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাচ্চাটি ঘরের ভিতরে রয়ে গেলে পরে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করতে গিয়ে দেখে বাচ্চাটি আগুনে পুড়ে মারা গিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে আজিজুল হকের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তার ৬ মাসের নাতনি আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।
