রাউজানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুন নাহার (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও অটোরিকশা চালক।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের মোতালেব টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন নাহার হটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী। তিনি ছেলেকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার উপ-পরিদর্শক নাহিদ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুঘর্টনা কবলিত ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
