চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।তারা একজন ফল ব্যবসায়ী ও অপরজন কালেজ ছাত্র বলে জানা গেছে।
রবিবার (১০ এপ্রিল) বিকেলে জেলার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মো.ইব্রাহীম (৪০) ও মিজানুর রহমান শুভ (২০)।
নিহত ইব্রাহিম চট্টগ্রাম ফলমন্ডী থেকে রাঙ্গামাটি ফল সাপ্লাইকারী মো. শফিক আত্তারী (শফি রাঙ্গামাটি) এর পার্টনার হিসেবে ব্যবসা করতেন। আর মিজানুর রহমান শুভ রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনিও ব্যবসা করতেন।
নিহত ইব্রাহিমের স্ত্রী পারভীন আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার বিকেলেও চট্টগ্রামের অক্সিজেন থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাঙামাটিস্থ নিজ বাসায় মোটর সাইকেলযোগে ফিরছিলেন দুই বাসিন্দা ইব্রাহিম ও শুভ। তবে ঘাগড়ার মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুইজনের মধ্যে শুভ নামের এক যুবক হাসপাতালে আনার আগেই মারাগেছে। অপরজন ইব্রাহিম জরুরি বিভাগে আনার কয়েক মিনিটের মধ্যেই মারাগেছে। মূলত দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েই দুজন মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া। তিনি বলেন, হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
