মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় ভোটাধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।
বুধবার ( ২মার্চ ) সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
আলোচনা সভায় জেলা প্রশাসক বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে সরকার ও জনপ্রতিনিধিদের সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ভোট। গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় খুঁটি ভোট ব্যবস্থা। জনগণের মতামতের প্রতিফলন ঘটে ভোটে। দেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। সেই মালিকেরাই পাঁচ বছর পর তাঁদের প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠান। সাংসদেরা জনগণের প্রতিনিধি হিসেবেই আইন প্রণয়নসহ নানা নীতি নির্ধারণ করেন।
সভায় বক্তারা বলেন, পাঁচ বছর পর তাঁরা জনগণের কাছে তাঁদের প্রতিশ্রুতি ও কাজের খতিয়ান তুলে ধরেন। ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করেন তাঁরা আরও পাঁচ বছর থাকতে পারবেন, নাকি নতুন কেউ সরকার গঠন করবে। এটা সর্বজনীন গণতান্ত্রিক রীতি।
বক্তারা বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুধীন কুমার চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, আইনজীবি জসিম উদ্দীন মজুমদার প্রমুখ।
এছাড়াও খাগড়াছড়ি সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
